‘ভুল’ খবরের প্রতিবাদ করলেন রিয়াদ!

ক্রিড়া প্রতিবেদক:

একদিন আগেই দেশের একটা শীর্ষস্থানীয় পত্রিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে তাকে উদ্ধৃতি করে অনেক গণমাধ্যমই খবর প্রকাশ করেছিল।

খবরের ভাষা ছিল অনেকটা এমন – ‘অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চান রিয়াদ’ কিংবা ‘বিশ্বকাপ ট্রফিটা অধিনায়ক হিসেবে জেতার স্বপ্ন দেখেন রিয়াদ’।

তবে, রিয়াদের দাবি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন শিরোনামের প্রতিবাদ করেছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে আমি একটি দৈনিক পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে আমার স্বপ্নের কথা বলেছিলাম তবে কখনোই অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিততে চাই তা বলিনি। আমি শুধু অধিনায়ক হওয়ার স্বপ্নের কথা বলেছি। প্রত্যেক ক্রিকেটারই তা হতে চায়। পাশাপাশি আমরা যে ধারাবাহিকভাবে খেলছি তার জন্য একদিন বিশ্বকাপ জিতবো বলে আশাবাদ ব্যক্ত করেছি। দয়াকরে যারা আমার সম্পর্কে ভুল খবর পরিবেশনা করছে তাদের বিশ্বাস করবেন না।’

যদিও সেই সাক্ষাৎকারে রিয়াদ বলেছিলেন, ‘দেশের জন্য বিশেষ কিছু অর্জন করতে পারলে হয়তো ভুলে যেতেও পারি। হতে পারে সেটি একদিন বিশ্বকাপ জেতা। আমার বিশ্বাস আমরা একদিন তা জিতবও। যেভাবে আমরা উন্নতি করে চলেছি, সেভাবে চলতে থাকলে এই স্বপ্ন সত্যি হওয়াটা খুব বেশি দিন দূরে নেই। এমনও তো হতে পারে যে অধিনায়ক হিসেবে ট্রফিটা আমিই তুলে ধরছি…হা হা হা। স্বপ্ন দেখতে তো আর দোষ না।’

  •  
  •  
  •  
  •  

Tags: