ধর্ষণচেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত বাকৃবি কেন্দ্রীয় মসজিদের ইমাম

বাকৃবি ডেস্ক:

ধর্ষণচেষ্টার অভিযোগে আটককৃত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি জালাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৮ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর আদেশক্রমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জানানো হয়।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকা থেকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, মুফতি জালাল উদ্দিন বাকৃবির পেশ ইমামের দায়িত্বের পাশাপাশি স্থানীয় জামিয়া হালিমা সাদিয়া (রা.) বালিকা মাদ্রাসা পরিচালনা করতেন। মাদ্রাসাটি এর আগে খেজুরতলায় ছিল। সেখানেও মুফতি জালালের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ শেষমোড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানান্তর করে।

এছাড়াও মসজিদের মুসল্লিরা ইমামের বিরুদ্ধে যৌন হয়রানি, বিভিন্ন স্থানে মহিলা মাদ্রাসা স্থাপন করে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়া, দোকানে বাকি খেয়ে টাকা না দেওয়া, সপ্তাহে তিন দিন ছুটি কাটানোর অভিযোগ তুলেছে। অভিযোগের প্রেক্ষিতে ইমামের পেছনে নামাজ আদায় না করার সিদ্ধান্তও নেয় মসজিদটির মুসল্লিরা। মুসল্লিদের স্বাক্ষরিত একটি আভিযোগপত্র মসজিদ কমিটির সভাপতির কাছে রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরিপেক্ষিতে তার স্থায়ী বহিস্কার দাবি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা।

  •  
  •  
  •  
  •