অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি.মি যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ৩০-৪০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৯৬ শতাংশ। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে আজ এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত:শুস্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

