ঢাবিতে ভর্তির আবেদন শুরু আজ
নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আজ।
দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন প্রক্রিয়া চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
তাছাড়া ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়ম অর্থাৎ আবেদন যোগ্যতা, বিভাগ পরিবর্তন, প্রশ্নপত্র ও নম্বর বিভাজন সবকিছু আগের মতোই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

