কিউএস র‌্যাংকিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতে বাকৃবি

নিজস্ব প্রতিবেদক:

বিষয় অনুসারে কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে লাইফ সায়েন্স এন্ড মেডিসিন ক্যাটাগরির দুইটি বিষয়ে স্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়।

কৃষি ও বনায়ন বিষয়ে এশিয়া মহাদেশে ৮২তম এবং দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫১-৪০০তম স্থানে রয়েছে বাকৃবি। তবে বিশ্ববিদ্যালয়টি ২০২২ ও ২০২৩ সালে ৩০১-৩৫০তম অবস্থানে ছিলো। এবং মেডিসিন বিষয়ে ঢাবি ৬০১-৬৫০তম অবস্থানে এবং ব্র‍্যাক বিশ্ববিদ্যালয় ৭০১-৭২০তম অবস্থানে রয়েছে।

তবে ক্যাটাগরির বাকি সাতটি বিষয়- অ্যানাটমি এবং ফিজিওলজি, জীব বিজ্ঞান, দন্তচিকিৎসা, নার্সিং, ফার্মেসি এন্ড ফার্মাকোলজি, মনোবিজ্ঞান ও ভেটেরিনারি সায়েন্সে বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে স্থান অর্জন করতে পারেনি।

গত ১০ এপ্রিল পাঁচটি ক্যাটাগরিতে ৫৫টি বিষয়ে ‘বিষয় অনুসারে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৪’ শীর্ষক সারাবিশ্বের সেরা ১ হাজার ৫৫৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়।

প্রাতিষ্ঠানিক খ্যাতি, প্রকাশিত গবেষণার উদ্ধৃতি, নিয়োগকর্তার খ্যাতি, H-সূচক উদ্ধৃতি, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক এই পাঁচটি নির্ণায়কের উপর ভিত্তি করে র‍্যাংকিং প্রকাশিত হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক কিউএস র‍্যাংকিংয়ের নির্ভরযোগ্যতা নিয়ে উইকিপিডিয়ার বরাতে জানা যায়, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও প্রতিষ্ঠিত তিনটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং সিস্টেমের মধ্যে কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) র‍্যাংকিং একটি।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, কৃষি শিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখনো তার অবস্থানটি ধরে রেখেছে। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে কৃষি ও বনায়ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করালেও তারা এ অবস্থানে আসতে পারেনি।

শিক্ষা ও গবেষণার পরিবেশ ঠিক রেখে আরো বেশি সময় দিতে পারলে আগামী চার বছরের মধ্যে এই র‍্যাংকিং ১০০ থেকে ২০০ এর মধ্যে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাকৃবি উপাচার্য।

বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে পিছিয়ে রেখে কখনই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। র‍্যাংকিংয়ে এশিয়ার যেসব বিশ্ববিদ্যালয়গুলো ভালো করছে তাদেরকে অনুসরন করে চলতে পারলে আমরাও ভালো করতে পারব।

অধ্যাপক সহিদুজ্জামান আরো বলেন, পিএইচডি ও উন্নত গবেষণা অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের মানসম্মত সুযোগসুবিধা, জবাবদিহিতা, দেশের উন্নয়ন উপযোগী শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে না পারলে ভালো র‍্যাংকিং লাভ করা অসম্ভব।

  •  
  •  
  •  
  •