বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীর মোল্লারচর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। রৌমারী ইউনিয়নের চেয়ারম্যানের আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম জানান, নিহত মনসুর আলী (৪৫) উপজেলার বামনেরচর এলাকার সমেজ উদ্দিনের ছেলে।
ভোরে ভারতের কুসনিমারা এলাকা থেকে মোল্লারচর সীমান্ত দিয়ে গরু নিয়ে ফেরার সময় বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মনসুর।সঙ্গে থাকা অন্যরা তার লাশ নিয়ে এসে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যান।
পতাকা বৈঠকের জন্য বিএসএফকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরু ব্যবসায়ীদের দ্বন্দ্বে, না বিএসএফের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন তা পতাকা বৈঠকের পর জানা যাবে বলে জানিয়েছেন মোল্লারচর সীমান্তে দায়িত্বরত জামালপুর বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রকিবুল হাসান।

