বাকৃবির হল থেকে লুট হওয়া সাইকেল ও মোটরবাইক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শেখ হাসিনার পতনের পর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বহিরাগতরা। এ পর্যন্ত ২৭টি সাইকেল ও ৯টি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাকৃবির অধ্যাপক ড. সহিদুজ্জামান ও অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক। এরপর দুই অধ্যাপকের উপস্থিতিতে লুট হওয়া সাইকেল ও মোটরসাইকেলগুলো শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শহীদ নাজমুল আহসান হল থেকে লুট হওয়া ২৭টি সাইকেল এবং ৯ টি মোটরবাইক কেওয়াটখালীর স্থানীয় মোজাম্মেল হক নজরুল এবং ফারুক আহমেদের সহযোগিতায় উদ্ধার করা হয়। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মনিরুজ্জামান মনির এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং লুট হওয়া বাকি সাইকেল ও বাইকগুলো ফেরত পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় বাকৃবির অধ্যাপক ড. সহিদুজ্জামান বলেন, এলাকাবাসীর প্রচেষ্টায় আজ আমাদের শিক্ষার্থীরা তাদের মূল্যবান সাইকেল ও বাইকগুলো ফেরত পেয়েছে। মোজাম্মেল হক নজরুল এবং ফারুক আহমেদসহ এলাকাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করবো, আপনাদের সহযোগিতায় এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাকি সাইকেল ও মোটরবাইকগুলো উদ্ধার করতে পারবো।

শিক্ষার্থীরা জানান, এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হারানো সম্পদগুলো ফিরে পেয়ে আমরা ভীষণ খুশি। বাকি সাইকেল ও বাইকগুলোও আশা করি খুব দ্রুত আমরা পেয়ে যাবো।

  •  
  •  
  •  
  •