ফরিদপুরে ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে একই স্থানে পাল্টা-পাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যা সমর্থিত নৌকার প্রার্থী ও বর্তমান স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থিত প্রার্থীদের একই স্থানে সমাবেশ ডাকায় এ ধারা জারি করা হয়। এ ঘটনায় এ নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ মাঠে আজ বিকালে সমাবেশ করতে দুই দলই মঞ্চ তৈরী করেছে। উভয় দলই স্ব স্ব স্থানে মিটিং সমাবেশ করতে এখনও অনড় রয়েছেন। দুই দলই লোকজন জোগাড় করতে গ্রামে গ্রামে প্রচারনা চালাচ্ছেন।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তোতা জানান, আমাদের সমাবেশ পূর্ব নির্ধারিত। তবুও স্বতন্ত্র এমপির লোকজন আমাদের সমাবেশ স্থলে সমাবেশ করতে চায়। আমরা বিষয়টি থানা এবং ইউএনও এর কাছে আবেদন করেছি।

এদিকে এমপি সমর্থিত মোঃ আল হাবিব জানান, শরীফাবাদ মাঠে আমরা সমাবেশ আগেই ডেকেছি, তবে এমপি মহোদয় আগামীকালের সমাবেশে সকল বাধা উপেক্ষা করে যোগদান করবেই।

অন্যদিকে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা দুই গ্রুপের সাথে কথা বলেছি। কোন গ্রুপই তাদের অবস্থান থেকে সরে না আসায় সমাবেশ স্থলে বেলা ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন গ্রুপকেই ১৪৪ ধারা জারি করায় সমাবেশ করতে দেয়া হবে না।

  •  
  •  
  •  
  •