রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলার ইকরচালী তেরো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘটনাস্থলে ৮ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও ৪ জন সহ মোট ১২ জন নিহত হয়।

নিহতদের মধ্যে ওকরাবাড়ী ফারুকিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষিকা জিন্নাত আরা (৩৩) এবং তৃপ্তির পরিবহনের চালক তৈয়ব আলীর (৪৫) পরিচয় জানা গেছে। আহত হয়েছে আরো অন্তত ৬০ জন যাত্রী। আহতদের মধ্যে ৪৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে আশংকা করেছেন চিকিৎসকরা।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালী তেরমাইল নামক স্থানে কুমিল্লা থেকে দিনাজপুরের উদ্দেশ্য ছেড়ে আসা সায়মন এক্সকুলুসিভ যার নং- ঢাকা মেট্রো-ব ১৪-৩৮১৭ গাড়িটির টায়ার বিস্ফোরিত হলে বিপরীত দিক সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা তৃপ্তি নামের বাস যার নং- ঢাকা মেট্রো-জ ১৪-০৩৫৫, এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাৎক্ষনিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মহিদুল ইসলাম।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন ভর্তি হয়েছিল তাদের মধ্যে একজন নিহত হয়েছে ও বেশকয়েক জন গুরুতর আহত রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাইওয়ে থানা ওসি আব্দুলাহেল বাকী জানান দুইটি পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শতাধিক লোকজন আহত হয়েছে তাদেরকে রংপুর ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার করেছে। ধারনা হচ্ছে তাদের মধ্যে ১০ থেকে ১৫ জন নিহত হতে পারে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে ১২ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করে জানান-উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

  •  
  •  
  •  
  •