কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন বাকৃবি অধ্যাপক ড. প্রতীক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২১ এর ধারা ১৮(১)(জ) অনুযায়ী তাকে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক আগামী দুই বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাজমা খন্দকার স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক ছাড়াও একই প্রজ্ঞাপনে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার পরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামাণিক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আব্দুল আলিম এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিনকেও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

একজন অভিজ্ঞ শিক্ষাবিদ ও গবেষক হিসেবে অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকের এই অন্তর্ভুক্তি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত নীতিনির্ধারণী কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষা প্রসারে সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আসিফ/এসবি

  •  
  •  
  •  
  •