দীর্ঘদিন পর বিজ্ঞাপনে ফিরছেন মোনালিসা
বিনোদন ডেস্ক:
বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পর একাধিক নাটক বিজ্ঞাপনে কাজের প্রস্তাব পেলেও সম্প্রতি একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘দুটি বিজ্ঞাপনে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। একটি ফ্যানের অন্যটি ফ্রিজের। তবে আগে ফ্যানের বিজ্ঞাপনের শুটিং করব। অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। নতুনভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই খুব উচ্ছ্বসিত।’
আগামী ২৯ এপ্রিল থেকে এ বিজ্ঞাপনের চিত্রধারণের কাজ শুরু করবেন বলে জানা গেছে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন সৈয়দ রাসেল। কেয়া কসমেটিকসের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন মোনালিসা। দীর্ঘ বিরতির পর আবারো তার প্রিয় মডেলিংয়ে ফিরছেন এই অভিনেত্রী।
২০১২ সালের ১৪ জুন ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্ক যান মোনালিসা। যাওয়ার মাত্র দুদিন পর ১৭ জুন হুট করেই সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জের ছেলে ফাইয়াজ শরীফের সঙ্গে আংটি বদলের কাজটি সেরে ফেলেন তিনি।
তারপর দেশে ফিরে ২০১২ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয় মোনালিসার বিয়ে। তবে বিয়ের দুই বছর না পেরুতেই ২০১৪ সালেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই অভিনেত্রী। গত ১ এপ্রিল আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি।

