প্রক্টরের পদত্যাগ দাবিতে জাবিতে ধর্মঘট অব্যাহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে সর্বাত্মক ধর্মঘট পালন করেছে কয়েকটি সংগঠন।
বুধবার সকাল থেকে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এ ধর্মঘট পালন করছে।
ধর্মঘটের অংশ হিসেবে তারা ভোর ৬টায় বিক্ষোভ মিছিল নিয়ে ট্রান্সপোর্ট চত্ত্বর ঘেরাও করে রাখে। যার কারণে সকালে ক্যাম্পাস- ঢাকা কোন বাস ক্যাম্পাস ছেড়ে যেতে পারেনি। বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, অধিকাংশ বিভাগে ক্লাস হয় নি। তবে পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত ছিল।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, দায়িত্বজ্ঞানহীন এই প্রক্টরের পদত্যাগের দাবিতে আমরা এক কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত এই প্রক্টর পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এ কর্মসূচি অব্যাহত রাখবো।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় কালো ব্যাচ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবো।
সোমবার প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা হরতাল পালনকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপস্থিতিতে নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। এতে তিনজন গুরুতর আহত হন এবং ১২ জনকে গ্রেফতার হয়।
এ ঘটনায় প্রক্টরের পদত্যাগে দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করা হয়। এর পরের দিনে মঙ্গলবার একই দাবিতে বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে স্মারকলিপি প্রদান করা হয়।

