তানোরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তানোর সংবাদদাতা:
রাজশাহীর তানোরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস হলরুমে উপজেলার ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের কৃষকদের নিয়ে দিনব্যাপী আউশ ‘ব্রিধান-৪৮’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো: মনজুরুল হক ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ড.আব্দুল আওয়াল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম সহ স্থানীয় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে কৃষিবিদ মো: মনজুরুল হক বলেন, উৎপাদনকারী কৃষকগণ মোট উৎপাদনের ৯৬ ভাগ নিজেরাই ব্যয় করে, বাকিটা বাজারে আসে। তাদেরকে এ প্রবণতা থেকে বের করে আনার দায়িত্ব কৃষি বিভাগের। নিজের বীজ নিজে উৎপাদন, সংরক্ষণ ও অন্যান্য কৃষকদের মাঝে বিতরণে সচেষ্ট হতে হবে। বীজ উৎপাদনে এবং বাজারজাত করণে যত্নবান হওয়ার পরামর্শও প্রদান করেন তিনি।

এছাড়াও কৃষিবিদ ড.আব্দুল আওয়াল বলেন, একসময়ের খাদ্য ঘাটতির দেশ সকলের আপ্রাণ প্রচেষ্টায় আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। তাই মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণের ওপর গুরুত্ব প্রদান করেন তিনি। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষক ও অতিথিরা প্রশিক্ষণ নিতে আসা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন।

উল্লেখ্য, কর্মশালায় আউশ ‘ব্রিধান-৪৮’ বিষয়ক উপজেলার ৯০ জন কৃষককে প্রশিক্ষণ শেষে কৃষি সহায়তা হিসেবে বীজধান ও সার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •