কেমিক্যালে আম পাকানোয় নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
নাটোর প্রতিনিধি:
কেমিক্যাল দিয়ে অপরিপক্ক পাকানোর দায়ে নাটোরের বাগাতিপাড়ায় দুই আম ব্যসায়ীকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার ব্রজপুর গ্রামে ইউনও খন্দকার ফরহাদ আহম্মদ এই জরিমানা করেন।
এলাকাবাসীরা জানায়, বাগাতিপাড়া উপজেলার খামার ব্রজপুর গ্রামের মোসলেম উদ্দিনের আম বাগানরে আম কিনে নেয় আব্দুল মতিন ও মিঠুন আলী নামের দুই আম ব্যবসায়ী। বেশি দামের আশায় বৃহস্পতিবার দুপুরে ওই দুই ব্যবসায়ী অপরিপক্ক কাঁচা আম গাছ থেকে সংগ্রহ করে। সংগ্রহের পর ওই ব্যবসায়ীরা বাগানেই দ্রুত আম পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড স্প্রে করতে থাকে।
এসময় এলাকাবাসীরা বিষয়টি দেখে ওই ২ ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। খবর পেয়ে ইউএনও খন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ২ ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা বাবুল কুমার সূত্রধর জানান, আগামী ১৫মে থেকে বাগান মালিকদের আঁটির আম পাড়র অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া লঙ্কন ভোগ, গোপাল ভোগ ২৫মে, খিরসাপাত ৩০মে, আম রুপালি ৮জুন, ফজলি ১০জুন এবং আশ্বিণা আম ৩০ মে থেকে বাগান মালিক এবং ব্যবসায়ীরা পাড়তে পারবেন।

