চার্লি চ্যাপলিনের ভূমিকায় আসছেন নিশো
বিনোদন প্রতিবেদক:
বৈচিত্রময় অভিনয়ে জুড়ি নেই আফরান নিশোর। আর চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতেও তিনি যথেষ্ট মনযোগী। এইতো গেল সপ্তাহেই সুমন আনোয়ারের ‘ফুলমতি’ নাটকে পাগল চরিত্রে অভিনয় করতে গিয়ে সারা গায়ে কাঁদামাটি লাগিয়ে শট দিয়েছিলেন।
এইসব আন্তরিকতার জন্যই নিশোর প্রতি তার নির্মাতারা বরাবরই তুষ্ট এবং প্রশংসায় পঞ্চমুখ থাকেন। সেই নিশো এবার নিজের ক্যারিয়ারে কঠিন এক পরীক্ষা দিলেন। আর সেটি হলো বিশ্বনন্দিত অভিনেতা চার্লি চ্যাপলিনের ভূমিকায় অভিনয় করলেন তিনি।
নিশো জানালেন, আসছে ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হয়েছে একক নাটক ‘চার্লি চ্যাপলিন’। এতে নাম ভূমিকায় করেছেন তিনি। মেহেদি হাসান খান জনির পরিচালনায় নাটকের দৃশ্যধারণ এরইমধ্যে শেষ হয়েছে। শুটিং হয়েছে মোহাম্মদপুর, উত্তরা, মিরপুরসহ বিভিন্ন স্থানে। নাটকটিতে নিশোর বিপরীতে দেখা যাবে শারলিন ফারজানাকে। আরেকটি বিশেষ চরিত্রে থাকবেন কায়সার চৌধুরী।
নিশো বলেন, ‘চার্লি চ্যাপলিন আর সবার মতো আমারও খুব প্রিয়। কী এক অসাধারণ অভিনেতা ছিলেন তিনি। তার অভিনয় দেখার পর মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। এই গুণী শিল্পীর মতো করে অভিনয় করা একেবারেই অসম্ভব। তারপরও আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে। আশা করছি ভালো লাগবে সবার।’
নিশো আরো বলেন, ‘চার্লি চ্যাপলিন নাটকে আমি একজন হতদরিদ্র। নাম মজনু। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাদু দেখাই। নানাভাবে মানুষকে হাসাই। এর বিনিময়ে কিছু পয়সা পাই। তা দিয়েই চলে সংসার।’
এদিকে নির্মাতা জানালেন, নাটকটি আসছে রোজা ঈদে যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

