বাকৃবির শাহজালাল হলে চুরি, খোয়া গেল ৫৫হাজার টাকার মালামাল

বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক শাহজালাল হলের এইচ ব্লকের ২৪০ নম্বর রুম থেকে প্রায় ৫৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

জানা যায়, গত ১৭ই মে, মঙ্গলবার দিবাগত রাতে শাহজালাল হলের ২৪০ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে এ চুরির ঘটনাটি ঘটে। পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহরাব হোসেন কাজল ও মো.আব্দুল ওয়াহাব এবং ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের মো. হারুনুর রশিদ হীরা ঐ রুমের আবাসিক শিক্ষার্থী।

নগদ তিন হাজার টাকাসহ প্রায় ৫৫ হাজার টাকার মালামাল লুট হয় । এর মধ্যে ছিল এইচ.পি ব্যান্ডের একটি ল্যাপটপ ও ওয়ালটন ব্যান্ডের একটি স্মার্ট ফোন।

ঐ রুমের আবাসিক শিক্ষার্থী মো. আব্দুল ওয়াহাব জানান, রাত্রে ২টা নাগাদ তারা তিন রুমমেট একসাথে ঘুমিয়ে যায়। প্রচন্ড গরম থাকায় তারা বেলকুনিতে যাওয়ার দরজার পাশের জানালাটা খুলা রাখে। কিন্তু দরজা বন্ধ ছিল। সকাল বেলা উঠে তারা বেলকুনিতে যাওয়ার দরজা খুলা পায়। পরে মালামাল খোজ করতে গিয়ে উল্লিখিত মালামাল গুলা পায়নি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাদিকুল ইসলাম বলেন, আমি গুরুত্বপূর্ণ কাজে ক্যাম্পাসের বাইরে থাকায় সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে পারি নাই। তবে হলের হাউজ টিউটর সহকারী ড. জামিল উদ্দিন এবং জনাব দেবাসীস সরকার দেবকে পাঠিয়েছি। আপাতত তারা বিষয়টি দেখছে। আমি ক্যাম্পাসে ফেরা মাত্র হারানো মালামাল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

এর আগেও শিক্ষার্থীদের শাহজালাল হল, শহীদ জামাল হোসেন হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, শহীদ শামসুল হক হলসহ বিভিন্ন হলে প্রায়শই চুরির ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির দাবি শিক্ষার্থীদের।

  •  
  •  
  •  
  •  

Tags: