বাকৃবিতে শিক্ষক লাঞ্ছনাকারীদের কুশপুত্তলিকা দাহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে কানধরে ওঠবস করানো ও লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র সমাবেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।
বৃহ:পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ পাদদেশে ঐ কর্মসূচী পালন করা হয়।
সমাবেশে বক্তারা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে শেষে শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনাকারীদের একটি কুশপুত্তলিকা দাহ করা হয় এবং একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, গত ১৩ মে, শুক্রবার শ্রেণিকক্ষে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটে। এরপরই সারাদেশে এ নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

