গাইবান্ধায় অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে শ্রী দেবেশ চন্দ্র প্রমাণিক (৬৮) নামে এক জুতা ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নেপেন চন্দ্র (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

দেবেশ চন্দ্র প্রমাণিক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকার মৃত যোগেস চন্দ্র প্রমাণিকের ছেলে। তিনি জুুতার ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সকালে মহিমাগঞ্জ বাজারের জুতার দোকানে বসেন দেবেশ চন্দ্র। বুধবার সকালে ৩-৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে দেবেশ চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্রের। পরে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কেন কি কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। এছাড়া দুর্বৃত্তদের সনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে হত্যা মামলা ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

  •  
  •  
  •  
  •