দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন মমতা ব্যানার্জি। শুক্রবার দুপুরে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কলকাতার রেড রোডের খোলা মঞ্চে শপথ নিলেন মমতা।

শপথকে ঘিরে ৪০ হাজার অতিথিসহ কলকাতায় হাজির হয়েছেন বিভিন্ন রাজ্যের মূখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা।

মমতা ব্যানার্জির শপথকে ঘিরে সকাল থেকেই উৎসবের আমেজ গোটা কলকাতায়। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর শপথ সবসময় রাজভবনে হলেও এবার প্রথা ভেঙে কলকাতার রেড রোডে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। মমতাসহ শপথ নিয়েছেন আরো ৪২ জন মন্ত্রী।

মমতার শপথকে ঘিরে দুই কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি কলকাতায় উপস্থিত হয়েছেন দিল্লির মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বিহারের মূখ্যমন্ত্রী নীতিশ কুমারসহ অন্যরা। আছেন মুকেশ আম্বানি, সুভাষচন্দ্রার মতো শিল্পপতিরাও।

মমতা ব্যানার্জির শপথের সাক্ষী হতে কলকাতায় গেছেন ভূটানের প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানাতে কলকাতায় গেছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

শপথ শেষে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে মমতা ব্যানার্জিকে। এরপর নিজের দফতরে গিয়ে দায়িত্বভার গ্রহণ করবেন মমতা। এরপর বিকেলেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি।

  •  
  •  
  •  
  •