আইএসের নামে বিএনপি- জামায়াত গুপ্ত হত্যা চালাচ্ছে : হানিফ
কুষ্ঠিয়া প্রতিনিধি:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই। বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত নামে গুপ্তহত্যা ঘটাচ্ছে, বিএনপি এবং জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন।’
শুক্রবার কুষ্টিয়ার পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, হিযুবত তাহরীর, হরকাতুল জিহাদ—বিভিন্ন সংগঠনের নাম দিয়ে এ হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। ইদানীং দেখা গেছে, তারা (বিএনপি-জামায়াত) তাদেরকে একটা প্রটেকশনের (রক্ষা) জন্য এই ধরনের নাম ব্যবহার করছে।
হানিফ বলেন, আন্তর্জাতিকভাবে যে জঙ্গি সংগঠন, সে জঙ্গি সংগঠনের নাম দুইটা উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে, সন্ত্রাসীরা যারা কিছুটা নিরাপদ বোধ করেন। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে জঙ্গির অস্তিত্ব আছে, এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্তর্জাতিক মহলের যে চাপ আছে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু এ ধরনের বিবৃতিতে দেওয়া হচ্ছে।
সে সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মিরপুর উপজেলার চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ।

