সামাজিক যোগাযোগ বন্ধে পবিপ্রবি শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
সায়মা তাসনিম, পবিপ্রবি প্রতিনিধি:
ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। ২০ নভেম্বর (শুক্রবার) শিক্ষার্থীরা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কৃষি অনুষদের ৪র্থ সেমিস্টারের ছাত্র সুশান্ত বলেন, “এটা কোন সঠিক পদক্ষেপ হতে পারে না। এগুলো এখন মানুষের সব চেয়ে বড় যোগাযোগের মাধ্যম। তা ছাড়া যাদের দরকার তারা ঠিকই কোন না কোন পদ্ধতি খুঁজে নেবে। এগুলো বন্ধ করে হয়ত কয়েক মূহুর্তের জন্য অপরাধ বন্ধ করা যেতে পারে কিন্তু তা কখনো কাঙ্খিত ফল দিতে পারবে না”।
দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র মোঃ সাহিদুল বলেন, “বর্তমান সময়ে যোগাযোগের সবচেয়ে সহজ উপায় হলো সামাজিক মাধ্যমের সাইটগুলো যা সমস্ত বিশ্বকে হাতের কাছে এনে দিয়েছে। সরকার জনগণের ভালো চায় তবে বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থাকে বাদ দিয়ে চলাটা একটু হলেও সবাইকে সমস্যায় ফেলে দিয়েছে। আশা করছি সরকার এই সিদ্ধান্ত পরিবর্তন করে সামাজিক মাধ্যমগুলো ব্যবহারের সুযোগ করে দেয়ার ব্যাপারে সুদৃষ্টি রাখবে”।
সিএসই অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র মোঃ ফরিদুর কায়েস বলেন, “ফেসবুক সহ অন্যান্য সাইট গুলো শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই ব্যবহার হয়না, এগুলো তথ্য পাওয়ারও মাধ্যম। সরকারের এই পদক্ষেপের ফলে এটা ব্যাহত হচ্ছে। এটা কোন সমাধান না। সরকারের বিকল্প কোন ব্যবস্থা নেয়া উচিত ”।
সরকারের এ সিদ্ধান্তকে সমর্থন করেন না বলে জানিয়েছেন কৃষি অনুষদের ২য় সেমিস্টারের ছাত্রী মোকাররম হানিফা। তিনি বলেন “যখন বন্ধই করা হলো তখন আগে থেকে সাধারণ জনগণকে সতর্ক করে এবং সময়সীমা জানিয়ে দিয়ে বন্ধ করা উচিত ছিল। স্বাধীন দেশের স্বাধীন মানুষ হিসেবে নিজেকে মনে হচ্ছে না বলে জানান তিনি। মনে হচ্ছে গৃহ বন্দী হয়ে বাস করছি। কোথা থেকে কি হয়ে গেলো বা যাচ্ছে এগুলো সম্পর্কে কিছুই জানতে পারলাম না।”
অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে বিবিএ ৮ম অনুষদের ছাত্র খন্দকার মোশায়েদুল ইসলাম বলেন, “সরকার জনগণের ভালোর জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আশা করছি সরকার খুব শীঘ্রই উদ্ভূত সমস্যার সমাধান করে জনগণকে ভালো কিছু উপহার দেবে ”।
উল্লেখ্য, বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের সহাকারী পরিচালক তৌসিফ শাহরিয়ার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ‘ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ তাৎক্ষণিকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার আপনাকে নির্দেশ দেওয়া হলো।’ পরে একই রকম আরেকটি নির্দেশনায় স্কাইপ, লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ অন্যান্য সামাজিক মাধ্যমের ওয়েবসাইটও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

