বীজ প্রতারণার দায়ে চার বিদেশিসহ ৫ জন রিমান্ডে
নিজস্ব প্রতিনিধি:
ভুয়া বীজ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার মামলায় চার বিদেশিসহ পাঁচ আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
যে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর হয়েছে তারা হলেন: সৈয়দ তাসলিম সাদাত ওয়াসতি (২০), নাইজেরিয়ান নাগরিক মাদুবুকে অনিয়াকাচি (২৬), নওসু চিমিজি আলবিনুস (৪৫), ওপারা ম্যাকডোনাল্ড ও মাদুবুকে ক্রিশ্চিয়ান উচেনা (৩০)। এ ছাড়া সায়েমা সাইদুর ওরফে বৃষ্টি ওরফে সোনিয়া নামের এক নারী আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, মেহেদী হাসান নামের এক লোকের সঙ্গে মামলার আসামি তাসলিম ও সায়েমার সঙ্গে গত মার্চ মাসে পরিচয় হয়। এরপর আসামিরা বাদী মেহেদী হাসানকে বলেন, কয়েকজন বিদেশি নাগরিক বাংলাদেশে গাছের ব্যবসা করছে। এতে অনেক লাভ রয়েছে। পরে বীজও দেখায় মেহেদীকে।
আসামিরা আরও বলে, এই বীজ আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে বিক্রি করলে তাতে অনেক লাভ হবে। আসামিদের এমন কথা বিশ্বাস করে, বিদেশিদের কাছ থেকে বীজ কেনার জন্য দেড় লাখ টাকা পরিশোধ করেন মেহেদী। টাকার বিনিময়ে দেওয়া বীজগুলো পরীক্ষা করে মেহেদী দেখতে পান, বাস্তবে এসব বীজ ভুয়া।
এ ঘটনায় গত বুধবার র্যাবের সঙ্গে যোগাযোগ করলে র্যাব অভিযান চালিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে।

