প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন হিলারি
আন্তর্জাতিক ডেস্ক:
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের মনোনয়ন নিশ্চিত হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। ২ হাজার ৩শ’ ৮৩ ডেলিগেটের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। মঙ্গলবার, এ সংবাদ জানায় বার্তা সংস্থা এপি।
১৭৮৯ সালের পর হোয়াইট হাউজ থেকে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় ইতিহাস গড়লেন ক্লিনটন। মনোনয়ন পাওয়ার এ দৌড়ে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বার্নি স্যান্ডার্সকে পরাজিত করেন তিনি।
প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ১ হাজার ৫শ’ ৬৬ ডেলিগেটের সমর্থন পেয়েছেন। তবে আগামী জুলাই মাসে পার্টির দলীয় সম্মেলনে সুপার ডেলিগেটদের পূর্ণ সমর্থন পাওয়ার আগে তাকে বিজয়ী মানতে নারাজ বার্নি স্যান্ডার্স।
এদিকে, মঙ্গলবারও ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিসহ ৬টি অঙ্গরাজ্যে দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে রোববার অনুষ্ঠিত প্রাইমারিতে পুয়ের্তো রিকোর বড় জয় পাওয়ার পরই তার দলটির পক্ষ থেকে মনোনয়ন নিশ্চিত হয়।

