বাকৃবিতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রেনের ধাক্কায় মোমিন মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে লন্ডনব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন মিয়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নারকেলবাগান এলাকার আবদুল মোনায়েমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোমিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের লন্ডনব্রিজ এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রেন মোমিনকে ধাক্কা দেয়। এতে মোমিনের মাথা থেঁতলে যায় এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলীম উদ্দীন বলেন, মাথা থেঁতলে যাওয়ায় প্রথমে মোমিনকে শনাক্ত করা যায়নি। পরে ঘটনাস্থলে পড়ে থাকা মোবাইল ফোন থেকে পরিচয় পাওয়া গেছে। পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন।
ছবি: আব্দুর রহমান

