নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের উদ্যোগ
নেত্রকোনা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোনা জেলায় একটি ‘বিশেষায়িত’ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। এর আগে বরিশাল বিভাগের ভোলা জেলায় প্রধানমন্ত্রীর নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নেয়া হয়।
গত ৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো একটি চিঠি সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পৌছে। সেই চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, নেত্রকোণা জেলায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি প্রদান করেছেন। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত আবেদনসমূহ এতদসঙ্গে প্রেরণ করা হলো।’
ওই চিঠিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় নেত্রকোণা জেলায় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ নামে পূর্ণাঙ্গ বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন মোহাম্মদ মোখলেছুর রহমান, পরিচালক-৭, প্রধানমন্ত্রীর কার্যালয়। চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট সকল দফতরে পাঠানো হয়েছে।
এর আগে বরিশাল বিভাগের ভোলা জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেয়া হয়। গত ১০ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিষয়টি উঠে আসে।
ওই সভায় বরিশাল বিভাগ ও দেশের সার্বিক শিক্ষার বিষয়টি সভায় সবার নজরে আনেন প্রধানমন্ত্রী নিজেই। একনেকে সেদিনের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে নিজ নির্বাচনী এলাকা ভোলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বলেন।
পরে তোফায়েল আহমেদ শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, ভোলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হবে এবং সেটি আপনার নামেই (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্মাণ করা হবে।
সেদিন সভাশেষে কুমিল্লার কৃতি সন্তান ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমিও কুমিল্লায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, তবে কুমিল্লায় বিশ্ববিদ্যালয় আছে।
সূত্র: দেশকাল

