মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার করা হবে: মির্জা আজম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত মসলিন কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ তাঁত বোর্ড একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
রোববার সকালে সচিবালয়ে এক সভায় প্রতিমন্ত্রী একথা বলেন। বস্ত্রশিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারে করণীয় বিষয়ে এ সভা আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কর্মসূচির মাধ্যমে তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাঁতীদের আয় বৃদ্ধি হবে। পাশাপাশি দরিদ্র প্রান্তিক তাঁতীদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা করছে।
তিনি বলেন, তাঁতী সমাজকে পুর্নবাসন করে তাদের সমৃদ্ধ করা হবে।
সভায় জানানো হয়, চলতি বছরের ২ জুন প্রায় ৩৭১ জন তাঁতীর মধ্যে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৩ সালের তথ্য অনুযায়ী, এ শিল্পে নিয়োজিত জনবলের সংখ্যা ১৫ লক্ষ্যের অধিক। তাঁত শিল্পে বছরে ৬৮ কোটি ৭০ লাখ মিটার কাপড় উৎপাদিত হয়, যা দেশের মোট বস্ত্র চাহিদার ৪০ ভাগ পূরণ করে থাকে।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহম্মেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. রেজাউল কাদের, আবু ছাইদ শেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে উপস্থিত ছিলেন।
সূত্র: যুগান্তার

