পশুপালন কোর্সের কার্যক্রম চলতে বাধা নেই

নিজস্ব সংবাদদাতা:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি (পশুপালন) কোর্সের কার্যক্রম চলবে বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের করা আবেদন শুনানি শেষে বিষয়টি খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন।

আদালতে আজ ইউজিসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ্ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

২০১১ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি কোর্সে ভর্তির অনুমতি দেয়। এতে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর আপত্তি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। এরপর ইউজিসি ২৫ অক্টোবর এক সিদ্ধান্তে ভর্তি স্থগিত করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে কয়েক অভিভাবক হাইকোর্টে রিট করেন।

এরপর ২০১২ সালের ১৪ মার্চ হাইকোর্ট অ্যানিমেল হাজবেন্ড্রি কোর্সে ভর্তির বন্ধকে অবৈধ বলে রায় দেন। এর রায়ের বিরুদ্ধে ইউজিসি আপিল করলে বৃহস্পতিবার তাদের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

বদরুদ্দোজা বাদল জানান, এ রায়ের ফলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেল হাজবেন্ড্রি (পশুপালন) কোর্সের কার্য্যক্রম চলতে আর কোনো বাধা নেই।

  •  
  •  
  •  
  •  

Tags: