মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় মায়ের দেওয়া লিখিত অভিযোগে মাদকাসক্ত ছেলে শামিম মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব মঙ্গলবার দুপুরে এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত শামিম মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত্যু মোতাল্লেব হোসেনের ছেলে।

এরআগে, ইয়াবা সেবনের সময় শামিম মিয়াকে সাদুল্যাপুর উপজেলার মিরপুর হাইস্কুল মাঠ থেকে মঙ্গলবার সকালে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে শামিম মিয়া মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিল। নেশার টাকা না পেয়ে বাড়িতে তার মাকে নানা ভাবে অত্যচার করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে তার মা আনোয়ারা বেওয়া ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শামিমকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক শামিম মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

  •  
  •  
  •  
  •