সাদুল্যাপুরে ভূয়া জন্মনিবন্ধন তৈরীর দায়ে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ভূয়া জন্মনিবন্ধন তৈরীর দায়ে মো. রাসেল আকন্দ (২২) নামে এক কম্পিউটার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সাদুল্যাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন বৃহস্পতিবার দুপুরে এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত রাসেল আকন্দ সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের বুড়িরভিটা গ্রামের মো. মধু আকন্দের ছেলে। রাসেল আকন্দ দামোদরপুর ইউনিয়নের নিয়ামতনগরে (লালবাজার) কম্পিউটারের ব্যবসা করতেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক আবু রায়হান দোলন এ তথ্য নিশ্চিত করে জানান, রাসেল তার কম্পিউটারের দোকানে ভূয়া জন্মনিবন্ধন তৈরি করে আসছিল। এসব ভূয়া জন্মনিবন্ধন টাকার বিনিমিয়ে নাবালক-নাবালিকার অভিভাবকের কাছে বিক্রি করছিল রাসেল। এমন খবর পেয়ে পুলিশ নিয়ে তার দোকানে অভিযান চালান। এসময় দোকানে থাকা কম্পিউটার থেকে ভূয়া জন্মনিবন্ধনের ফরমেট পাওয়া যায়। পরে তাকে আটক করে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই সঙ্গে কম্পিউটার জব্দ করা হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস জানান, দন্ডপ্রাপ্ত রাসেল আকন্দকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •