ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সনজিৎ কুমার মহন্ত
রংপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মিনু শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মমতাজ বেগম এবং রংপুর প্রেস ক্লাব সভাপতি সদরুল আলম দুলু প্রমূখ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক(উপসচিব) খন্দকার মোহাম্মদ নূরুল আমিন তার স্বাগত বক্তব্যে বলেন, সকল ভোক্তাকে সুরক্ষার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ পাশ করেছে সরকার। তিনি বলেন,আইনটির ব্যাপক প্রচার প্রচারনা না থাকায় ভোক্তারা এর সুফল ভোগ করতে পারছেন না পাশাপাশি অসৎ ব্যবসায়িরা ভোক্তারাদের বিভিন্ন ভাবে প্রতারিত করছেন। তাই তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে আইননের বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আফসানা পারভীন । প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, শুধু জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ কার্যকর করা যাবে না। এ জন্য ব্যবসায়ি এবং ভোক্তা পর্যায় প্রয়োজন ব্যাপক মোটিভেশন। এ সময় তিনি ক্রেতাদের কোন কিছু কেনার আগে বিক্রেতাদের কাছ থেকে মুসক ফর্ম চেয়ে নেয়ার জন্য আহবান জানান।
বিশেষ অতিথি ডিআইজি খন্দকার গোলাম ফারুক তার বক্তব্যে আয়োজকদের কাছে প্রশ্ন রাখেন ফেয়ার এন্ড লাভলী ক্রিম ফর্সা করে এবং হরলিকস খেলে শিশুদের গ্রোথ বৃদ্ধি পায় বলে টিভি এবং পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে যে প্রতারনা করা হচ্ছে এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কোন ব্যবস্থা নেয়া যাবে কী না। এ সময় তিনি আইন বলবত করতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সর্বাত্বক সহায়তার আশ্বাস দেন। রংপুর প্রেস ক্লাবের সভাপতি সদরুল আলম দুলু বলেন, শুধু জনমত সৃষ্টি করে ভোক্তারা কাঙ্খিত সুফল পাবেন না। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কর্মশালায় আরো উপস্থিত ছিলো অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কৃষিবিদ, জেলা বিপনন কর্মকর্তা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি , বিভিন্ন এনজিও প্রতিনিধি , সুশীল সমাজের প্রতিনিধি এবং মিডিয়া প্রতিনিধি।

