গাইবান্ধা কারাগারে সাজাপ্রাপ্ত হাজতির মৃত্যু
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. রানা চৌধুরী (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
রানা চৌধুরী গাইবান্ধা জেলা শহরের ভিএইড রোড়ের মমিনপাড়া এলাকার মৃত্যু জোসেপ চৌধুরীর ছেলে। গত ২ মাস ধরে তিনি গাইবান্ধা জেলা কারাগারে বন্দি ছিলেন।
গাইবান্ধা জেল সুপার মো. মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, রানা চৌধুরী মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। গত ২ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন রানা চৌধুরী। রাতেই তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও সুরতাল রিপোর্ট শেষে লাশ পরিবারের লোকজন কাছে হস্তান্তর করা হবে।

