লালপুরে যুবকের লাশ উদ্ধার ॥ আটক ১
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার নছিরার বিল নামক স্থান থেকে ভুটভুটি চালক জুয়েল (৩০) নামে রবিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জুয়েল রাজশাহী জেলার বাঘা উপজেলার মিরগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুন) বিকেলে মিরগঞ্জ এলাকার আরজ মুনসির ছেলে মাসুদ ভুটভুটি চালক জুয়েলকে বেড়ানোর নাম করে সঙ্গে নিয়ে যায়। রাতে মাসুদ ফিরে এসে জুয়েলের পরিবারকে জানায় নছিরার বিল এলাকায় ডাকাতরা মাসুদকে ধরে নিয়ে গেছে, আমি কোন মতে জীবন নিয়ে পালিয়ে এসেছি। পরিবারের লোকজন লালপুর থানা পুলিশকে জানালে, নছিরার বিলের মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বিএম কলেজের পূর্ব পাশের ধানক্ষেত থেকে জুয়েলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, মাসুদ নিজেই জুয়েলকে খুন করে ডাকাতির নামে চালানোর চেষ্টা করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মাসুদকে আটক করেছে।
এ ব্যাপারে লালপুর থানা পুলিশের এস আই আলিফ জানান, যুবকের পিতা জহুরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে মাসুদকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

