গাইবান্ধায় বৃদ্ধের লাশ উদ্ধার, ছেলে আটক

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলায় মো. মজিবর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার ছেলে আসাদ মিয়াকে (২৫) আটক করেছে।

সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রাম থেকে শনিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। মজিবর রহমান সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের মৃত্যু জসিম উদ্দিনের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রউফ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মজিবর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট রোগ ও শারীরিক সমস্যায় ভূগছেন। শনিবার বিকেলে মজিবর হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তার লাশ নিজ ঘরের বিছানায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তার ছেলে আসাদ মিয়াকে আটক করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মজিবরের মৃত্যুর কারণ জানা যাবে।

তবে স্থানীয়রা জানান, স্ত্রী আঙ্গুর রানী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে মজিবর রহমানের সংসার। অভাবের কারণে তিনি ভিক্ষা করতেন। তার ছেলে আসাদ মিয়ার সঙ্গে তার স্ত্রী রোজিনা বেগমের দাম্পত্য কলহ চলে আসছিল। কলহের জের ধরে প্রায়ই আসাদ তার স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে পারিবারিকভাবে অশান্তি বিরাজ করছিল। শনিবার বিকেলে আসাদ তার স্ত্রীকে মারপিট করতে থাকলে মজিবর বাঁধা দেন। এসময় আসাদ উত্তেজিত হয়ে তার বাবাকে ধাক্কা দেয়। এতে মজিবর অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •