নাটোরে জমি নিয়ে বিরোধে আহত কলেজ ছাত্রের মৃত্যু
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর শহরতলীর তেবাড়িয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মিঠু আহমেদ (১৯) রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর আমানা হাসপাতালে মারা গেছে। নিহত মিঠু আহমেদ তেবাড়িয়া এলাকার আব্দুস ছামাদের ছেলে ও নাটোর টিএমএসএস কলেজে দ্বাদশবর্ষের ছাত্র।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুপুরে তেবাড়িয়া মধ্যপাড়ায় প্রতিপক্ষের হামলায় মিঠু আহমেদ, আব্দুস ছামাদ ও মরিয়ম বেগমের ওপর লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় মিঠু আহমেদ, আব্দুস সামাদ ও মরিয়ম বেগম আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মিঠুর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মাথায় অস্ত্রোপচারের জন্য রাজশাহীর আমানা হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই মাথায় অস্ত্রোপচার করা হয়। মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর রবিবার তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নেয়।
আমানা হাসপাতালের চিকিৎসক মমতাজুল হক জানান, রডের আঘাতে মিঠুর মাথার অভ্যন্তরে রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আব্দুস সামাদ বাদী হয়ে সোমবার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আব্দুস ছামাদের প্রতিপক্ষ শিমুল হোসেন, সোহাগ আলী ও লিখন আলীসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

