প্রধানমন্ত্রীকে অভিনন্দন রংপুর সিটি মেয়র ঝন্টুর প্রতিমন্ত্রীর মর্যাদা লাভ
সনজিৎ কুমার মহন্ত:
রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, ‘স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।’
রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পর ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন আহমেদ জয়ী হন। যদিও তিনি তখন আওয়ামী লীগের সমর্থন পাননি। এর আগে গত ২১ জুন আওয়ামী লীগের সমর্থন নিয়ে জয়ী ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের সাঈদ খোকনকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। অপরদিকে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। দেশে বর্তমানে ১১টি সিটি কর্পোরেশন রয়েছে। বিভিন্ন সময়ে অন্য সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনে বেশির ভাগই বিএনপি সমর্থিত মেয়ররা নির্বাচিত হন। এ মেয়রদের বেশির ভাগই এখন বিভিন্ন মামলায় জর্জরিত, কেউ কেউ জেল খাটছেন। ফৌজদারি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় ইতোমধ্যে খুলনা, গাজীপুর, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়রকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্বাচিত হওয়ার পর দীর্ঘ সময়েও সরকার মেয়রদের মর্যাদা নির্ধারণ করেনি। সংশ্লিষ্টরা বলছেন, মেয়রদের পদমর্যাদা ঠিক না হওয়ায় রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে মেয়রদের প্রটোকল নিয়ে সমস্যা হচ্ছিল, তারা কোথায় বসবেন তা নির্ধারণ করা যাচ্ছে না। সিটি করপোরেশন আইনে মেয়রদের পদমর্যাদা নির্ধারণের বিষয়ে কিছু বলা নেই।
তাই সরকারগুলো নিজেদের সুবিধা মতো পদমর্যাদা নির্ধারণ করে নেয়। এদিকে, রংপুরের মেয়র ঝন্টু প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ার গতকাল দুপুরে রংপুরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়রকে শুভেচ্ছা জানানো হয়।

