ঝিনাইদহে কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশ উপেক্ষা করে দুটি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, এ বছর শিক্ষা মন্ত্রনালয় থেকে উপজেলা (মফস্বল) পর্যায়ে সেশন চার্জসহ সর্বসাকুল্যে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। ১২.০৫.১৬ ইং তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব সোহরাব হোসাইন স্বাক্ষরিত ভর্তির নীতিমালায় এ নির্দেশ দেওয়া হয়। এ সকল অতিরিক্ত ভর্তির টাকা শিক্ষরা ভাগাভাগি করে নেন।

মন্ত্রনালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও মাহতাব উদ্দিন কলেজ ও আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেয়ে শিক্ষার্থী জানায়, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি ফি বাবদ মাহতাব উদ্দিন কলেজ নিচ্ছে ২৫০০ টাকা ও আলহাজ্ব আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা কলেজ নিচ্ছে ১৫০০ টাকা। আমি দুই হাজার টাকা দিয়ে মাহতাব উদ্দিন কলেজে ভর্তি হয়েছি।

মাহতাব উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অতিরিক্ত ফি’র বিষয়ে অস্বীকার করে জানান, আমার প্রতিষ্ঠানে কারও কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়নি। আমি ২০০ টাকা, ৫০০ টাকায় ও ভর্তি করিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে তিনি ফোনটি কেটে দেন। পরে অনেকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ জানান, প্রথমে তিনি অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন অতিরিক্ত ফি আদায় বিষয়ে। কলেজ কমিটির সীদ্ধান্ত অনুযায়ী ১৫০০ টাকা নেওয়া হচ্ছে। আবার অনেকের কাছ থেকে কম ও নেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: