বাংলাদেশে বোমা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলার পর ভারত ন্যাশনাল সিকিউরিটি গ্রুপের (এসএসজি) চার সদস্যের একটি বোমা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে বাংলাদেশে। দলটি ওই দুই ঘটনার ‘বিশ্লেষণ ও পর্যবেক্ষণ’ করে বাংলাদেশকে সহায়তা করবে। তবে ওই বিশেষজ্ঞ দল বাংলাদেশে কবে আসবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে আজ সকাল সাড়ে নয়টার দিকে বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশসহ নিহত হয়েছেন চারজন। আহত হয়েছেন প্রায় ১২ জন। তাঁদের মধ্যে বেশির ভাগই পুলিশের সদস্য। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়াও গত শুক্রবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি। ওই হামলার দায় স্বীকার করে আইএস।

বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচিত জাকির নায়েকের ব্যাপারে ভারতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ। অভিযোগ আছে, ঢাকার গুলশান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া দুই জঙ্গি জাকির নায়েকের দ্বারা অনুপ্রাণিত। টেলিভিশনে বিতর্কিত বক্তব্যের কারণে যুক্তরাজ্য, কানাডা ও মালয়েশিয়ায় নিষিদ্ধ জাকির নায়েক।

বাংলাদেশের ওই আহ্বানে ভারত সাড়া দেবে বলে জানা গেছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়া নাইডু এনটিভিকে বলেন, বাংলাদেশের ওই আহ্বানের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে।

গুলশানের ওই রেস্তোরাঁয় এক হামলাকারী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এক নেতার ছেলে রোহান ইমতিয়াজ। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জাকির নায়েককে নিয়ে প্রচার চালিয়েছিলেন বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সুত্র: অনলাইন

  •  
  •  
  •  
  •