হামলার পরিকল্পনা- আনসারউল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি:
আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান।
গ্রেফতাররা হলেন- মুছা ইবনে উমায়ের (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।
এর আগে শনিবার বিকালে সীতাকুণ্ড থেকে চার জঙ্গি গ্রেফতারের খবর শোনা গেলেও পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছিল।
সোমবার সন্ধ্যায় মোস্তাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল ও একটি করে ল্যাপটপ ও ট্যাব এবং সরকারবিরোধী ও জঙ্গি সমর্থক বেশকিছু তথ্য পাওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা।
মোস্তাফিজ বলেন, ‘দেশকে অস্থিশীল করতে ও জঙ্গি তৎপরতাসহ সীতাকুণ্ড অঞ্চলে বিভিন্ন কলকারখানায় হামলার পরিকল্পনা নিয়েছিল। সেজন্য তারা স্থানীয় কিছু লোকজনের সহায়তা নিয়ে বাড়বকুণ্ডে জড়ো হয়েছিল।’
তিনি বলেন, যারা সীতাকুণ্ডে তাদের আশ্রয় দিয়েছে তাদেরও ধরতে পুলিশ কাজ করছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মুছা চট্টগ্রামের পটিয়া, খোরশেদ আনোয়ারা ও রাসেল সীতাকুণ্ড উপজেলার এবং শিপন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানান মোস্তাফিজুর রহমান।

