গুলশানে হামলার মূল পরিকল্পনাকারী ভারতে
আন্তর্জাতিক ডেস্ক:
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ সোলায়মান ভারতের পশ্চিমবঙ্গের কোথাও লুকিয়ে আছেন বলে জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক সংবাদে। সোলায়মান জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষস্থানীয় সদস্য।
বর্ধমান থেকে গ্রেফতারকৃত আইএস সদস্য আবু আল মুসা আল বাঙ্গালি ওরফে আল আনসারিকে জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। দশ দিন আগে মুসাকে গ্রেফতার করে ভারতের সিআইডি সদস্যরা।
বাংলাদেশের তদন্তকারীরাও গুলশান হামলার মূল পরিকল্পনাকারীকে সনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের গোয়েন্দারা জানান, গুলশান হামলার পরিকল্পনা চুড়ান্ত করার পর সাত মাসে আগে সোলায়মান বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। সে বর্তমানে পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মালদহে মুসার সঙ্গে সোলায়মানের সাক্ষাৎ হয়। এর আগে ২০১৪ ও ২০১৫ সালের মধ্যে তাদের আরো ছয়বার সাক্ষাৎ হয়।

