এবার জুটি হচ্ছেন শাকিব-শুভশ্রী

বিনোদন প্রতিবেদক:
ঢাকাই ছবির কিং খান চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কলকাতার শ্রাবন্তী অভিনয় করেছেন `শিকারী` ছবিতে। সদ্য মুক্তি পাওয়া এই ছবিতে শাকিব-শ্রাবন্তী জুটি দারুণভাবে প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। এরমধ্যেই কানাকানি চলছে এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার আরেক বিউটিকুইন শুভশ্রী। তবে এমন গুঞ্জনকে মিথ্যে নয়, বরং সত্যি বলে জানালেন শাকিব খান নিজেই।

শাকিব বলেন, `শুভশ্রীর সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছি এটা চূড়ান্ত। শুভশ্রী নিজেও কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ছবিটি পরিচালনা করবেন `শিকারী` ছবির পরিচালক জয়দেব। বর্তমানে ছবির প্রাথমিক কাজগুলো ঝালাই চলছে এবং ছবির গল্প বাছাইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। খুব শিগগির বিস্তারিত আরো চমকপ্রদ খবর জানা যাবে।`

এদিকে, গেল মে মাসে লন্ডনে শিকারী ছবির শুটিং করতে গিয়ে শাকিবের সঙ্গে দেখা হয় শুভশ্রীর। সেখানেই আড্ডা এবং পরবর্তীতে ছবির বিষয়ে কথা চূড়ান্ত করেন শাকিব।

জানা গেছে, শাকিব-শুভশ্রীকে নিয়ে দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ হবে। খুব শিগগির এব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। ছবিটি প্রযোজনা করবে এপার বাংলার জাজ মাল্টিমিডিয়া এবং ওপারের এসকে মুভিজ।

  •  
  •  
  •  
  •  

Tags: