দেশে প্রথমবারের মতো হলুদ চেরি টমেটোর জাত অবমুক্ত
কৃষি ডেস্ক:
দেশে প্রথমবারের মতো হলুদ চেরি টমেটো’র জাত অবমুক্ত, ফলন মিলবে ছয়মাস পর্যন্ত। এরফলে দেশের ফসলে নতুন এক মাত্রা যোগ হলো।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন এর নেতৃত্বে দীর্ঘ ৫ বছর গবেষণার সফলতার ফলস্বরুপ জাতটি অবমুক্ত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ফসলে নতুন এ জাতের টমেটোর নাম যোগ হওয়ায় একটা ভিন্নমাত্রা তৈরি হলো। দেশে প্রচলিত অন্যান্য জাতের চেয়ে নতুন উদ্ভাবিত হলুদ চেরি টমেটো এদিকে ফলনও বেশি আবার স্বাদে চমৎকার।
টমেটোর নতুন এ জাত অবমুক্ত হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন বলেন, আমি খুবই খুশি ও সন্তুষ্ট। দীর্ঘ সময়ের পরিশ্রমের ফল পেয়েছি। শিক্ষার্থীরাও অনেক পরিশ্রম করেছে। তারাও আজ সফল। গত নভেম্বর (২০১৯) মাসে চেরি টমেটো নামে কৃষিমন্ত্রণালয়ের অধীনে জাতীয় বীজ বোর্ড থেকে অনুমোদন দেয়া হয়। জাতটির উৎস দেশ হলো জাপান।
অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন বলেন, আমাদের দেশের আবহাওয়ায় উপযোগী হলুদ চেরি টমেটোকে আমরা বলছি গোল্ডেন পূর্ণা অর্থাৎ ফলটি একেবারে হলুদ নয় অনেকটা গোল্ডেন রঙের আর যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন একেবারে পূর্ণ (চারপাশ সমান) হয়ে যায়।
তিনি বলেন, এই জাতটির অন্যতম বৈশিষ্ট্য হলো ফল পাকবে গাছ বড় হবে, আবার ফল ধরবে। একসঙ্গে সব ফল পাকবে না। ফলে কৃষকের সব ফল একসাথে সংগ্রহ করতে হবে না। এতে তারা ভালো লাভবান হবেন। এছাড়া অপি জাতের হওয়ায় (অপেন পলিনেটেড) কৃষক নিজেই বীজ উৎপাদন করতে পারবেন, যোগ করেন তিনি।
হলুদ চেরি টমেটো’র বৈশিষ্ট্য:
গাছ প্রতি truss (শাখা/আঁটি): ৭-৮ টা। প্রতি truss এ ২৪০-২৬০ টি ফল হয়। গাছ প্রতি ফলন ৭-৮ কেজি। প্রতিটি ফলের ওজন ৫-৬ গ্রাম। ধরণ: Indeterminate, ফলের রঙ: rounded Yellow.
অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন জানান, হলুদ চেরি টমেটোর অন্যতম বৈশিষ্ট্য হলো দীর্ঘদিন ফল পাওয়া যাবে, দেশে প্রচলিত টমেটোর চেয়ে দ্বিগুণ ফলন হবে, সহজেই চাষিরা বীজ তৈরি করে পরবর্তীতে উৎপাদন করতে পারবেন।
চারা রোপনের ৩০ দিনপর থেকে ফলন মিলবে। এবং প্রতি সাতদিন পরপর ফুল আসবে ও ফল ধরবে। এভাবে ছয়মাস ফল পাওয়া যাবে। আর দেশে চাষকরা টমেটোর চেয়ে হেক্টর প্রতি দ্বিগুণ ফলন মিলবে। প্রতি হেক্টর জমিতে চাষ করে ১৬০ থেকে ১৭০ টন চেরি টমেটো পাওয়া যাবে।
পুষ্টির দিকদিয়েও সেরা উল্লেখ করে অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন বলেন, ভিটামিন এ সমৃদ্ধ চেরি টেমেটোতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে।
এখন যদি কোন কৃষক চেরি টেমেটো চাষ করতে চান তাহলে কীভাবে বীজ পাবেন এ প্রশ্নের উত্তরে অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন জানান, আমাদের (শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগে) সাথে যোগাযোগ করলে আমরা প্রাথমিকভাবে বীজ দিয়ে দিবো।
হলুদ চেরি টমেটো’র জাত অবমুক্ত, ফলন মিলবে ছয়মাস পর্যন্ত এ সংবাদে সংশ্লিষ্টরা মনে করছেন, টেমেটো’র চাহিদা অনেকাংশ পূরুণ হবে।

