শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাকৃবি ছাত্রলীগের আনন্দ র্যালি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আনন্দ র্যালি করেছে শাখা ছাত্রলীগ। র্যালিটি ছাত্রলীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বুধবার (১৭ মে) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে এই আনন্দ র্যালি শুরু হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বেদনাবিধুর ঘটনাপ্রবাহের আগে বোন শেখ রেহানাকে নিয়ে বিদেশ যান শেখ হাসিনা। বেলজিয়াম থাকার সময় তিনি বাবা-মা হত্যার কাহিনি জানেন। পরে সেখান থেকে জার্মানি হয়ে নয় দিন পর আসেন ভারতের দিল্লিতে। সেখানে গিয়েই তিনি জানতে পারেন পরিবারের সবাইকে হত্যার কথা। এরও ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেই থেকে এই দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলে বলেন, ‘১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন। সেসময় সামরিক শাসনের অবসান ঘটিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের মানুষের প্রতি তার ভালবাস ও ত্যাগ আজও অব্যাহত রয়েছে।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সোহান, শেখ মাহমুদুর রহমান। আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আতিকুর রহমান, জাহাঙ্গীর, নূরুজ্জামান রকিব, আকরাম, শেখ মারুফ, আবির, নাঈম, আরাফাত প্রমুখ।
এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স কক্ষে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।

