সবুজ ক্যাম্পাসে পরিণত হবে ইবি: উপাচার্য

কুষ্টিয়া ইসলামী প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে সবুজ ক্যাম্পাসে পরিণত করা হবে। প্রকৃতির সৌন্দর্যে পরিণত হবে আমাদের প্রিয় ক্যাম্পাস।

তিনি বলেন, এবছর আমরা বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা রোপনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতোমধ্যে প্রায় ১ হাজার চারা রোপন করা হয়েছে। অচিরেই আমাদের পরিকল্পনা সম্পন্ন করা হবে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চত্বরে বৃক্ষ রোপনকালে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এসব কথা বলেন।

বৃক্ষ রোপনকালে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, বৃক্ষ রোপন আন্দোলন সকল স্থানে ছড়িয়ে দিতে হবে। আমাদের দেশে যে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, এর থেকে মুক্তি পেতে হলে বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই।

ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে আমরা সক্ষম হয়েছি। সবুজে ঘেরা প্রকৃতির এই ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীরা আলোকিত হবে এই প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাকারিয়া রহমান, প্রক্টর প্রফেসর ড. মো. মাহবুবর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন, আইআইইআর এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট ড. শাহাদৎ হোসেন আজাদ, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: