পুলিশের হস্তক্ষেপে আবার সচল গণ বিশ্ববিদ্যালয়

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

দীর্ঘ এক সপ্তাহের অধিক সময় তালাবদ্ধতার পর আজ শনিবার(২৩ ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্লাস-পরীক্ষা সহ প্রশাসনিক কার্যক্রম। গত ১৩ ডিসেম্বর হতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে রেখেছিল বিবিএ বিভাগের পূর্ণ অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে পুলিশ এনে প্রধান ফটকের তালা ভাঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেটে ঝোলানো আন্দোলনের ব্যানার ছিড়ে ফেলা হয়। পরদিন ২১ ডিসেম্বর (বৃহঃপতিবার) শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ভাঙ্গা তালা আর ছেড়া ব্যানার দেখে ক্ষিপ্ত হয়ে উঠে। তখন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন সকলের সাথে আলোচনায় বসতে চান। পুলিশের ভয় দেখিয়ে ছাত্রদের আলোচনায় বসতে বাধ্য করেন তিনি এমনটিই দাবি অনেকের । আন্দোলন থামানোর জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অনুরোধ করলে শিক্ষার্থীরা স্ট্যাম্পে লিখিত দিতে বলে যে কবে অনুমোদন আসবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঐদিন শিক্ষার্থীদের কাছে স্ট্যাম্পে লিখিত দেয় যে মার্চের ১৫ তারিখের মধ্যে সকল সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীরা আলোচনায় বসে শনিবার থেকে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

তবে এর ভিন্নমত পোষণকারীরাও আছেন। বিবিএ বিভাগের পঞ্চম সেমিস্টারের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক আন্দোলনকে পন্ড করে দেয়, যারা আমাদের ব্যানার ছিড়ে আলোচনায় বসতে চায় তাদের সাথে কিসের আলোচনা, কিসের মিটিং?

বৃহস্পতিবার (২১ডিসেম্বর) ক্যাম্পাসের কাছে পুলিশের কড়া অবস্থান শিক্ষার্থীদের দমিয়ে রাখে।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১২ ডিসেম্বর)অর্ধদিবস ও বুধবার(১৩ ডিসেম্বর) পূর্ণদিবস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

  •  
  •  
  •  
  •