জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক:
বেশ কিছু বছর ধরে রাজধানীবাসীসহ প্রায় পুরো দেশের মানুষের অতিথি পাখি দেখার ১টি নিশ্চিত গন্তব্যের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রতিবছর এখানে যেমন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি বা পরিযায়ী পাখি আসে ঠিক তেমনি ঝাঁকে ঝাঁকে ছুটে আসে আশপাশের এলাকার পর্যটকেরা। শীতকালের অতিথি পাখি দেখা, ছিমছাম গোছানো প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানো আর জাহাঙ্গীরনগরের বটতলার খাবার- সব কিছু মিলিয়ে এটা যেন একটা প্যাকেজ ট্যুর প্ল্যান।
প্রতিবছর এখানে এতো পর্যটক আসে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয় চাপ সামলাতে। কারণ, এটি একটি বিশ্ববিদ্যালয়, কোন পিকনিক স্পট না। শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য পর্যটকদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে কর্তৃপক্ষ। পর্যটকদের অনেকেই ভুলে যান বিশ্ববিদ্যালয় এলাকা ও তার আশেপাশে পড়াশোনার পরিবেশ বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসের ভেতরে প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং করা হয়। উচ্চস্বরে চেঁচামেচি এমনকি কোনো কোনো সময় মাইক লাগিয়ে গান বাজনাও করে থাকেন অনেকে। তখন কর্তৃপক্ষ আর শিক্ষার্থীদের অনিচ্ছা স্বত্বেও কঠোর হতে হয়। কিন্তু এবারের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞার কারণটি একটু ভিন্ন।
কারণটি হলো সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। এ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে ৩০ ডিসেম্বর পর্যন্ত পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৫ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
অর্থাৎ ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্ত্বরে পর্যটক প্রবেশ করতে পারবে না।
এই ব্যপারে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের কারণে ২৫ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষা সফর, অতিথি পাখি দর্শন ও শুটিংসহ এ ধরনের অন্যান্য অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পাশাপাশি ৩০ ডিসেম্বর অর্থাৎ নির্বাচনের দিন সকাল ৮টা থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নতুন কলা ও মানবিক অনুষদ ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত রিকশা চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

