কুমিল্লা শিক্ষাবোর্ডের নয়া চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা-তুজ-জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া আগামী রবিবার উক্ত পদে যোগদান করবেন।
মো. রুহুল আমিন ভূঁইয়া ১৯৯২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
সর্বশেষ তিনি ২০১৬ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। বিগত দেড় বছর কুমিল্লা সরকারি মহিলা কলেজের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে প্রশংসা অর্জন করেন।
রুহুল আমিন ভূঁইয়া ১৯৬২ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের মাহিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সানু মিয়া ভূঁইয়ার ৭ ছেলের মধ্যে তিনি ৫ম।

