রাবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন দুই শিক্ষক ও ১৯ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
গবেষণাকর্মে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে এবং স্নাতক শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় বিজ্ঞান অনুষদের ১৯ শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বিজ্ঞান অনুষদের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সায়েন্সেস সংক্রান্ত গবেষণায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং কেমিক্যাল ও বায়োকেমিক্যাল সায়েন্সেস সংক্রান্ত গবেষণায় অধ্যাপক হাসান আহমদ এ পুরস্কার অর্জন করেন।

বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আখতার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ আরও অনেকে।

  •  
  •  
  •  
  •  

Tags: