‘প্রতি বছর উদ্ভব হয় নতুন পাঁচটি রোগের’

বাকৃবি প্রতিনিধি:

পৃথিবীতে প্রতি বছর নতুন পাঁচটি রোগের উদ্ভব হয়। যার তিনটিই আসে প্রাণী থেকে। প্রাণি চিকিৎসার অব্যবস্থাপনার কারণেই এটি হচ্ছে বলে জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এ এইচ এম নাজমুল হুসাইন নাজির।

শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবসের মূল প্রতিবাদ্য বিষয় ‘দ্য রোল অফ ভেটেরিনারি প্রফেশন ইন সাসটেইনঅ্যাবল ডেভোলোপমেন্ট টু ইনপ্রুভ লাইভলিহুডস, ফুড সিকিউরিটি অ্যান্ড সেফটি’র ওপর প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এসব কথা জানান।

তিনি বলেন, মানুষের শতকারা ৬০ ভাগ রোগ আসে প্রাণীর জীবাণু থেকে। প্রাণীদের সঠিকভাবে চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এটি বহুলাংশে কমানো সম্ভব। এক্ষেত্রে দেশের প্রতিটি উপজেলায় ভেটেরিনারি সার্জন বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ভেটেরিনারি সার্জন নিযুক্ত করার পরামর্শ দেন তিনি।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অংশ নেন ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা। অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয় মোহন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- দিবসটি উদযাপন কমিটির সভাপতি ও ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. নাজিম আহমাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ।

  •  
  •  
  •  
  •  

Tags: