প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ পেলেন বাকৃবির ছয় শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছয় অনুষদের মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণ পদক ২০১৭ প্রদান করা হয়েছে। বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর ছয়জন শিক্ষার্থীর স্বর্ণ পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভুক্ত পদকপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো: ভেটেরিনারি অনুষদের তানজিন তামান্না মুমু, কৃষি অনুষদের মোছা. আফসানা হান্নান, পশু পালন অনুষদের জামিয়া ইসমিতা, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ইসরাত জাহান মাহফুজা, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের নিলিমা দাস এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ইসরাত জাহান টুম্পা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১ম স্থান অধিকারকারী ১৬৩ জন শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তোরণের ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্ষুধাও দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় অধিক মনোনিবেশ ও ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণ পদক প্রবর্তন করা হয়। সর্বোচ্চ নম্বর কিংবা সিজিপিএ অর্জনের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিগত কয়েক বছর ধরে এই পদক দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থী এ পদক পেয়েছেন।

