‘সমাজ সহযোগিতার হাত বাড়ালেই নারীরা ভালো থাকবে’- জাবি ভিসি
আবদুল্লাহ আল মামুন নিলয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, সমাজে পুরুষের সহযোগিতার হাত বাড়ালেই নারীরা ভালো থাকবে। এ জন্য নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় পুরুষের সহমত ও সহযোগিতা প্রয়োজন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত `Planet 50-50 by 2030: Step it up for Gender Equality’ প্রতিপাদ্য শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ফারজানা ইসলাম বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় বাংলাদেশ সাম্প্রতিককালে উন্নতি অর্জন করেছে। বাংলাদেশে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু ও বাল্যবিয়ে কমে এসেছে। তবে নারী-পুরুষের সমতা কোনো কোনো ক্ষেত্রে দৃশ্যমান হলেও বাস্তবে এর ভেতর ফাঁক রয়েছে। এই ফাঁকাগুলো পূরণ করার ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের প্রমুখ। আলোচনা সভা শেষে নারী অধিকার বিষয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে সকাল দশটায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

